
ময়মনসিংহের ত্রিশালে বাস-ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। নিহতদের মধ্যে একজন বাসচালক ও হিমেল নামে অপর একজন বাসের যাত্রী রয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল পৌনে ৫ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানিয়েছেন, ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস ত্রিশাল প্রবেশ করার পূর্বে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ উদ্দীন আরটিভি নিউজকে জানিয়েছেন, উদ্ধার তৎপরতা শেষে নিহতদের মরদেহ থানায় পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে আরটিভি নিউজকে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি।
এমআই/এসকে




