
চট্টগ্রামের ইপিজেডে এলাকায় বিজয় দিবসের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৯ নম্বর ওয়ার্ডের সচিব রিফাত উদ্দিন (৩৮) মারা গেছেন। গতকাল সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার মুসলেহ উদ্দিনের ছেলে নিহত রিফাত উদ্দিন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন আরটিভি নিউজকে বলেন, সকালে ঢাকার মেডিকেলে রিফাত মারা যান। তার দাফন পারিবারিক কবরস্থান ফৌজদারহাট এলাকায় হবে।
এর আগে, গত বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে ইপিজেড থানার বন্দরটিলা সিটি করপোরেশনের মার্কেটের তৃতীয় তলায় বিজয় দিবসের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দগ্ধ হন রিফাত। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে বার্ণ ইউনিটে ভর্তি করান।
পরে অবস্থার অবনতি হলে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমআই/টিআই




