
আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে সহিংসতা শুরু হয়েছে। গতকাল সোমবার (২০ ডিসেম্বর) বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকায় মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ ১৫ জন বহিরাগতকে আটক করেছে।
মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সরদার আরটিভি নিউজকে জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে তিনি বসন্তপুর ইউনিয়নের বড়ভবানীপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। প্রচারণার একপর্যায়ে সেখানে থাকা শ্বশুরবাড়িতে দুপুরের খাবার খেতে যান। সে সময় নৌকা প্রার্থী মো. মান্নান মিয়ার সমর্থকরা হঠাৎ করেই তাদের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে তার কয়েকজন সমর্থক আহত হয়। ওই ঘটনার পর বিকালে উল্টে নৌকা প্রার্থীর সমর্থকরা বসন্তপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে। বিষয়টি তারা সে সময়ই পুলিশকে অবহিত করে। পরবর্তীতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা অবরোধকারীদের ছত্রভঙ্গ করেন এবং পার্শ্ববর্তী দেওয়ান হোটেল থেকে হামলা চালনাকারী বহিরাগতসহ ১৫ জনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আরটিভি নিউজকে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/টিআই




