
পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে তার হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষরা।
বুধবার (২২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব বেপারী মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর) রাতে মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণায় নামে তার কর্মী সমর্থকরা। এ সময় ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় তার কয়েকজন কর্মী-সমর্থক লিফলেট নিয়ে প্রচারণায় গেলে প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায় ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এতে চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের কর্মী বিপ্লব বেপারীর হাতের কবজি কেটে যায় ও তিনি মারাত্মকভাবে জখম হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঠবাড়িয়া থানার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জিএম/এসকে




