
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কয়লাবাহী মাদারভ্যাসেল থেকে লাইটার জাহাজে ওঠার সময় সমুদ্রে পড়ে এক সার্ভেয়ারের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শামীম ফয়েজ (৬৫) খুলনা খালিসপুর এলাকার মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ারস প্রাইভেট লিমিটেড সার্ভে কোম্পানির সার্ভেয়ার ছিলেন। তিনি পটুয়াখালী কাস্টমস অফিসের হয়ে গভীর সমুদ্রে সার্ভে করতে গিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ ডিসেম্বর) শামীম সকালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে সোনার বাংলা নামের একটি লাইটার জাহাজে করে রাবনাবাদ চ্যানেলের পায়রা বন্দরের ফেয়ার বয়া (রাবনাবাদ নদী থেকে ৩০ নটিক্যামাইল গভীরে) এলাকায় যান। পরে সেখানে ইন্দোনেশিয়ার বালিকপাবন বন্দর থেকে আগত কয়লাবাহী মাদারভ্যাসেল ‘এমভি নেরাইডায়’ কয়লা পরিমাপ করতে ওঠেন। পরে কয়লা পরিমাপ শেষে ওই মাদারভ্যাসেল থেকে লাইটার জাহাজে ওঠার সময় তিনি পা পিছলে সমুদ্রে পড়ে যান। কিছুক্ষণ পর দুই জাহাজের নাবিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, সমুদ্র থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জিএম/এসকে




