
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় দোলনায় খেলার সময় গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৩টার দিকে উপজেলার জগন্নাথকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার কাঠ ব্যবসায়ী মো. সেলিমের একমাত্র মেয়ে সেলিনা আক্তার বৃষ্টি (৬)। তিনি স্থানীয় দক্ষিণ জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহত শিশুর পরিবার সূত্র জানায়, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে নিহত বৃষ্টির মা গোসলে ছিলেন। এ সময় বৃষ্টি ঘরের পাটাতনে কাপড়ের ওড়না দিয়ে তৈরি দোলনায় একা দোল খাচ্ছিল। পরে গোসল শেষে ঘরে এসে তার মা খাবারের জন্য ডাকাডাকি করেন। একপর্যায়ে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় দোলনায় অচেতন হয়ে পড়ে আছে বৃষ্টি। এ সময় তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুজ্জামান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
জিএম/এসকে




