
কুষ্টিয়ার লাহিনী বটতলা মোড়ে ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালককে বেধড়ক মারধর করে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর অবস্থায় চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
আহত ট্রাকচালক জীবন হোসেন কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা।
মোড়ের ফল ব্যবসায়ী মো. সবুজ জানান, রাস্তায় নিজের বাহনের ওপর বসে ছিলেন রিকশার চালক। একটি ট্রাক মোড় ঘোরাতে গিয়ে রিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় চালক ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ট্রাকচালক। এ সময় তাকে আটক করে মারধর করেন স্থানীয়রা। পরে গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম জানান, রিকশাচালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে




