
উত্তরের জেলা পঞ্চগড়ে সপ্তাহজুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা প্রকট হচ্ছে। পৌষের শীতে হিমেল বাতাসে জবুথবু অবস্থায় দুর্ভোগে দিন কাটছে ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষেরা।
বিশেষ করে হিমেল হাওয়ায় কাবু হয়ে যাচ্ছে জনজীবন। দিনের বেলায় কুয়াশা না থাকলেও হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে প্রচন্ড শীত অনুভুত হচ্ছে। শীত প্রবন এই জেলায় গত দুই সপ্তাহ জুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ৮ থেকে ৯ ডিগ্রিতে তাপমাত্রা উঠানামা করছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ছয়টায় ৮ দশমিক ৮ ডিগ্রি এবং সকাল নয়টায় তাপমাত্রা কমে গিয়ে ৮ দশমিক ৩ ডিগ্রী রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে গিয়ে ২৪ থেকে ২৫ ডিগ্রির ঘরে দাঁড়িয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রী।
সরেজমিনে পঞ্চগড় পৌরসভা এলাকা ঘুরে দেখা যায় ভোর থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। তখন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সন্ধ্যা থেকে সকাল দশাটা পর্যন্ত শীত নিবারণের জন্য আগুন পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।
কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায় তবে ঠান্ডার প্রকোপ বেড়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে কুয়াশামিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না। এতে শীতের পোশাক ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না। ভর দুপুরেও শীতের পোষাক মুড়িয়ে চলাফেরা করতে হয় পঞ্চগড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ সামান্য বেড়ে যায়।
এদিকে গত বছরে শীতকালের পৌষের এই সময়ে মাঝারি থেকে তিব্র শৈত্য প্রবাহ বয়ে গিয়েছিল পঞ্চগড় । কিন্তু এবার মৃদু শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড়ের আবহাওয়ায়।
পঞ্চগড় জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান তৌহিদুল বারি বাবু আরটিভি নিউজকে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারনে ঋতুর পরিবর্তন এসেছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেনী আবহাওয়া পর্যবেক্ষনাগাড় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আরটিভি নিউজকে জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এই জেলায়। দিনের বেলায় বাতাসের আদ্রতা ৩০ থেকে ৩৫ শতাংশ এবং রাতের বেলায় ৯৫ থেকে ১০০ শতাংশ বাতাসের আদ্রতা।
এছাড়া দিনের বেলা ৩ থেকে ৫ নটিকেল মাইল এবং রাতের বেলায় ৬ থেকে ৮ নটিকেল মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছে।
এমআই




