
রাজধানীর ওয়ারিতে ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় গাড়িটির চালককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে চালক মোহাম্মদ মোর্শেদ আলমকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় রাজধানী সুপার মার্কেটের পাশে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক বৃদ্ধ নিহত হন।
এই ঘটনায় ময়লার গাড়ির অজ্ঞাত চালককে আসামি করে ওয়ারি থানায় মামলা করেন নিহতের ভাই তপন কুমার সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপন কুমার রিকশায় ছিলেন। ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় ওয়ারীতে রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হন। ঘটনার পর চালক মোরশেদ ময়লার গাড়ি নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি র্যাবের নজরে এলে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তাকে আটক করে র্যাব।তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া তার বিরুদ্ধে নিয়মিত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএন/টিআই




