
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার র্যাব-১৫ এর কার্যালয়ে অধিনায়ক খাইরুল আমিন সরকার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে র্যাব-১৫ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তি বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মো. কালুর ছেলে মাহাত।
জানা গেছে, মিয়ানমার থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি চক্র ইয়াবা প্রচার করে আসছিল। গোয়েন্দাদের নজরদারি করে অভিযান পরিচলনা করা হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে একজনকে আটক করেন র্যাব সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর কার্যালয়ে অধিনায়ক খাইরুল আমিন সরকার জানান, আটককৃত রোহিঙ্গা যুবকের কাছ থেকে ছয় লাখ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
জিএম/এসকে




