
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভোটের ফল নিয়ে অনিয়ম করার অভিযোগে নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকারকে মারধরের ঘটনায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থী এম এ কাইয়ুমকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার হামলা এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা পরিষদের হল রুমে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার (২৬ ডিসেম্বর) ডৌহাখলা ইউনিয়নে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের পর গণনা শেষে কেন্দ্রে এম এ কাইয়ুমকে (ঘোড়া প্রতিক) বিজয়ী ঘোষণা করা হয়। পরে উপজেলা পরিষদে গিয়ে নৌকা প্রতীকের শহিদুল ইসলাম শহিদ সরকারকে বিজয়ী ঘোষণা করলে এম এ কাইয়ুমের সমর্থকরা নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গভীর রাতে ঘোড়া প্রতীকের প্রার্থীর এম এ কাইয়ুমকে বিজয়ী ঘোষণা করা হয়।
এ বিষয়ে গৌরীপুর সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, কাইয়ুমের সমর্থকরা নির্বাচন কর্মকর্তাকে মারধর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলতে পারবেন।
নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় প্রার্থী এম এ কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএম




