
কুমিল্লার বুড়িচংয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার রাত ২টায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শোভারামপুর এলাকায় অভিযান চালিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে আটক করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজী হাছান, সহকারী উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম ফোর্সসহ তাদের আটক করে। এ সময় ডাকাত দলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- বুড়িচং উপজেলার শোভারামপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে আইয়ূব আলী (৪৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রছুল্লাবাদ গ্রামের মৃত হক মিয়ার ছেলে মো. আশিক (২৬), কুমিল্লার বাঙ্গরা বাজার থানার টনকী গ্রামের ফরচান মিয়ার ছেলে মো. ফারুক (৩০), কোতোয়ালি মডেল থানার বলরামপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে আল-আমিন (২৬)।
পুলিশ আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক সোমবার বিকেলে কুমিল্লার আদালতে প্রেরণ করেছে।
এমএন/এসকে




