
মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলায় চতুর্থ ধাপে ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারালেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী, সব ভোটকেন্দ্রে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
শিবচর ও রাজৈর নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ৬টি ইউপি ও শিবচর উপজেলার ৩টি ইউপিতে ৫৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৮ জন প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও পাননি। এর মধ্যে জাতীয় পার্টির একজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত দুজন ও ২৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ৫ হাজার টাকা করে জামানত দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে হলে মোট ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয়। যেসব প্রার্থী এই পরিমাণ ভোট পাবেন না। তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার নিয়ম আছে। ২৮ প্রার্থী সেই পরিমাণ ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হবে।
উল্লেখ্য, রাজৈর ও শিবচর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জন, সাধারণ সদস্য পদে ২৫৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নয়জন চেয়ারম্যান, ৮১ জন সাধারণ সদস্য ও ২৭ জন সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়।
জিএম




