
কুষ্টিয়ার চরমিলপাড়া এলাকায় ছেলের ইটের আঘাতে বাবু হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাবু হোসেন চরমিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বড় ছেলে রমিজের সঙ্গে বাবু হোসেনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রমিজ ইট দিয়ে বাবুর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিবেশী সুজন জানান, রমিজ মাদকাসক্ত। এসব নিয়ে আজ সকালে তুমুল ঝগড়া হয়। এ সময় রমিজ ক্ষুব্ধ হয়ে ইট দিয়ে তার বাবাকে আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর তার বাবা মারা যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, নিহত বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




