
সঠিক সময়ে হাসপাতালে ডাক্তারের উপস্থিতি, টেস্ট বানিজ্য বন্ধ, দালাল মুক্ত হাসপাতাল, সরকারি ওষুধের সুষ্ঠু বণ্টনের দাবিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী সাধারণ জনগণ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গেটের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে জেনারেল হাসপাতালের নানান অনিয়ম তুলে ধরেন বক্তারা।
তারা অভিযোগ করেন, ডাক্তাররা সিন্ডিকেট করে অন্য ক্লিনিক ডায়গনস্টিক সেন্টারের সঙ্গে কমিশন বাণিজ্য করে সাধারণ রোগীদের সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে।
বক্তব্যে বিদুৎ খন্দকার বলেন, গত রোববার তার খালাকে অক্সিজেন না দেওয়ায় মারা যান। হাসপাতালে অক্সিজেন থাকা সত্ত্বেও দেওয়া হয়নি। বাইরে থেকে কিনে আনতে বলা হয়। এভাবেই সব ক্ষেত্রে টাকা না দিলে, এই হাসপাতালে কোনো চিকিৎসা দেওয়া হয় না।
এ সময় হাসপাতালের সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানের দাবি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।




