
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বছরের পর বছর শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেলেও বাড়ানো হয়নি শিক্ষার্থী অনুপাতে নতুন বাসের সংখ্যা। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।
একইভাবে আবাসিক হলগুলোতে শিক্ষার্থী অনুপাতে পর্যাপ্ত আসন সংখ্যা বরাদ্দ না থাকায় শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র অবলম্বন বাসগুলোতে প্রতিনিয়তই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। ফলে বিকল্প উপায় না থাকায় সিনএনজি, অটোরিকশা যোগে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে শিক্ষার্থীদের।
জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সবগুলো ব্যাচ মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। উপরন্তু প্রত্যেক বছরেই নবীনদের আগমনে শিক্ষার্থী সংখ্যা বাড়ার ফলে গাদাগাদি করে ঝুলন্ত অবস্থায় বাসে চলাচল করছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বাসে উঠতে না পারলেও প্রত্যেক সেমিস্টারে নির্ধারিত ফি জমা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতে সর্বমোট বাস রয়েছে ২০টি এরমধ্যে সাদা বাস ১০টি, লাল বাস ১০টি যা মোট শিক্ষার্থীর অনুপাতে ৫ শতাংশ।
শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসিবুল হক রিফাত আরটিভি নিউজকে বলেন, নিত্যদিনই মাইজদী হতে ক্যাম্পাসে আসার পথে বাসের গেইটে অধিকাংশ শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে হয়। পাশাপাশি বসে থাকা শিক্ষার্থীর তুলনায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সমস্যা তৈরি হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার উপদেষ্টা ড. এস এম মাহবুবুর রহমান আরটিভি নিউজকে বলেন, শিক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখে আগামী মাসে প্রশাসনের পক্ষ থেকে ২টি বাস দেওয়া হবে। পুরাতন বাসগুলো সংস্কারের কথা জানতে চাওয়া হলে বলেন, সেগুলো খুব শীঘ্রই ঠিক করে দেওয়া হবে।




