ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নোবিপ্রবিতে শ্রেণিকক্ষ সংকট, আন্দোলনে শিক্ষার্থীরা

নোবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০৮:১৭ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শ্রেণিকক্ষ সংকট এবং লিফট সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম ভবন অবরুদ্ধ করে আন্দোলন করে আইন বিভাগের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও প্রক্টরিয়াল বডির সদস্য সহকারী অধ্যাপক বাদশা মিয়া এবং সহকারী প্রক্টর শাহীন কাদির ভূঁইয়া।

পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে আন্দোলন শুরু করলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

শিক্ষার্থীরা বলছেন, আইন বিভাগের তিনটি ব্যাচের দেড় শতাধিক শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ রয়েছে মাত্র একটি। ফলে অন্য বিভাগের শ্রেণিকক্ষে গিয়ে ক্লাস করতে হয় তাদের। এতে বিভাগটির শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

আইন বিভাগের শিক্ষার্থী ইলমা সালসাবিল নাফিসা লিফট বন্ধ থাকার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন। এ বিষয়ে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। তার ওপর যে একটি শ্রেণিকক্ষ আছে, সেটিও অডিটোরিয়াম ভবনের চারতলায়। ভবনটির লিফট প্রায়ই বন্ধ অবস্থায় পড়ে থাকে। এতে বার বার উঠা-নামা করতে সমস্যা হয়। ক্লাস করার জন্য সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। এর আগেও আমাদের দুইজন সহপাঠী অসুস্থ হয়।

সাদিয়া আক্তার রিয়া নামে আরেক শিক্ষার্থী বলেন, আইন বিভাগের তিনটি ব্যাচ চলমান আছে। আগামী জানুয়ারিতে আরেকটি ব্যাচের ক্লাস শুরু হবে। কিন্তু আমাদের ক্লাসরুম মাত্র একটি। ফলে আমাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন ভবনে বিভিন্ন বিভাগের ক্লাসরুম ঘুরে ঘুরে ক্লাস করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসরুম খালি না থাকায়, আমাদের আবার ফেরত এসে অন্য একটা ভবনে যেতে হয়। আবার বিভিন্ন ভবনের লিফটও বন্ধ থাকে। আজকে আমাদের ব্যাচের দুইজন বন্ধু দুটি ভবনে বারবার আসা-যাওয়া করায় মাথা ঘুরে পড়ে যায়। তাই আমরা লিফট চালু করা এবং আইন বিভাগের শ্রেণিকক্ষ বরাদ্দের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট রয়েছে। জটিলতার কারণে নতুন একটি একাডেমিক ভবন হতে একটু দেরি হচ্ছে। এটি হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে। আমরা চেষ্টা করছি দ্রুত সমাধান করার।

তিনি আরও বলেন, মক ট্রায়ালের জন্য আইন বিভাগকে একটি শ্রেণিকক্ষ এই মাসের মধ্যে দেওয়া হবে। আর ডিসেম্বরের শেষে নতুন শ্রেণিকক্ষ দেওয়া হবে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।  শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এই ফল প্রকাশ করা হয়। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) প্রবেশ করে ফলাফল জানা যাবে। এ বছর প্রায় ১৩ লাখ ভর্তিচ্ছু একাদশে ভর্তির আবেদন করেছিলেন। তারা বিভিন্ন কলেজের ৭০ লাখ ২০ হাজারের বেশি আসন ‘চয়েজ’ দিয়েছেন। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৮ জানুয়ারির মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। ৩২৮ টাকা ফি দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করা যাবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। এর ফলে পুনরায় ফিসহ আবেদন করতে হবে। আগামী ৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। এর ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন চলবে ১৩ ও ১৪ জানুয়ারি। এরপর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। এর ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি।  আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি চলবে। এরপর ১ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে।
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
কুবির ৪২ জন শিক্ষক-শিক্ষার্থী পেলেন এনএসটি ফেলোশিপ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ ২০২২-২৩ এর জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪২ জন শিক্ষক-শিক্ষার্থী মনোনীত হয়েছেন। মনোনীতদের মধ্যে একজন শিক্ষক ও ৪১ জন শিক্ষার্থী।  বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত দু'টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  খোঁজ নিয়ে জানা যায়, দুই ক্যাটাগরিতে (ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান) পাওয়া ৪২ জনের মধ্যে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তোফায়েল আহমেদ ও বাকী ৪১ জন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।  শিক্ষার্থীদের মধ্যে ১১ জন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের, পদার্থবিজ্ঞান বিভাগের ৯ জন, ফামের্সি বিভাগের ৮ জন, রসায়ন বিভাগের ৬ জন ও গণিত বিভাগের ৪ জন এবং পরিসংখ্যান বিভাগের ৩ জন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, গত বছরের তুলনায় এবার ফেলোশিপ অর্জনে আমাদের শিক্ষার্থীদের সাফল্য বেড়েছে। এটি গবেষণায় তাদের ক্রমবর্ধমান আগ্রহকেই প্রকাশ করছে। আমরা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের এই ক্ষেত্রে অনুপ্রেরণা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা টেকসইভাবে তাদের গবেষণা সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবো। উল্লেখ্য, ৪১ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার এবং শিক্ষক পাবেন তিন লাখ টাকা।
কুবির ৪২ জন শিক্ষক-শিক্ষার্থী পেলেন এনএসটি ফেলোশিপ
গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কে যাচ্ছেন ইবির দুই শিক্ষার্থী
এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সেলের পরিচালক, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। তারা হলেন, অর্থনীতি বিভাগের আবু হুরাইরা এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল আমিন। এ বিষয়ে ড. শাহাদাৎ হোসেন বলেন, তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে আগামী ফেব্রুয়ারি মাসে অংশগ্রহণ করবেন তারা। শিক্ষার্থীদের পাশাপাশি চারজন শিক্ষকও তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। এ বিষয়ে শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাশাপাশি তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ রকম সুযোগের মধ্য দিয়ে আমরা গবেষণায় কাজে আরও আগ্রহী হতে পারব।
গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কে যাচ্ছেন ইবির দুই শিক্ষার্থী
প্রথম কর্মসূচিতেই বিএনপিকে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি
বিএনপির গণমিছিল থেকে ঢাকা শহরে কোনো প্রকার বিশৃঙ্খলা ও গণহয়রানি করা হলে এর দাঁত ভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি জানিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এমন হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে এ বক্তব্য দেন তিনি।  ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর এটাই তাদের প্রথম কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, উত্তর মহানগরের সভাপতি রিয়াজ মাহমুদ, মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু। শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, মেট্রো রেল উদ্বোধনের পর ওই অপশক্তি, প্রেতাত্মাদের অন্তরে জ্বালা শুরু হয়েছে। সে জ্বলার জ্বালায় তারা আগামীকাল ঢাকা শহরে নৈরাজ্যের পরিকল্পনা হাতে নিয়েছে। তারা আগামীকাল যদি গণমিছিলের নামে বিশৃঙ্খলা ও গণহয়রানি করে বা চেষ্টা চালায় তাহলে এর দাঁত ভাঙা জবাব দিব। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যদি একটি রিকশায়, একটি গাড়িতে, একটি সরকারি স্থাপনায় কেউ হাত দেওয়ার চেষ্টা করে তাহলে আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপনাদের সকলকে নির্দেশনা দিচ্ছি তাদের শক্ত হাতে প্রতিহত করুন। কাল যে হাত ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে- সেই হাত ঢাকা শহরের মানুষ ভেঙে দিবে। একই সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, জুমার দিনে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী খুনি জঙ্গিবাদীদের দোসর বিএনপি-জামায়াত গণমিছিল করার হুমকি দিয়েছে। তারা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে, মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দিরকে ব্যবহার করে ফায়দা হাসিল করার চেষ্টা করছে দাবি করে বলেন, এই অপশক্তির বিষদাঁত যেন ভেঙে দিতে পারি- সেই শপথ আমাদেরকে নিতে হবে। দুপুরে ছাত্রলীগের শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। দীর্ঘ প্রতীক্ষার পর যানজটের ঢাকা শহরে দ্রুতগতির বৈদ্যুতিক মেট্রোরেল চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে আনন্দ শোভাযাত্রা করে সংগঠনটি।
প্রথম কর্মসূচিতেই বিএনপিকে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের একচেটিয়া জয়
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের একচেটিয়া জয় হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের ১৪টিতেই জয় পেয়েছে নীল দল। শুধু একটি সহসভাপতি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দল। সাদা দলের একমাত্র বিজয়ী হলেন দলের আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান। তিনি পেয়েছেন ৬৭৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাফিফা জামাল পেয়েছেন ৬৩২ ভোট। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাবে শিক্ষকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। এর আগে তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ভোট পেয়েছেন ৮১৯টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৩৮৪ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী ড. আ ক ম জামাল উদ্দিন পেয়েছেন ১৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা। তিনি পেয়েছেন ৭১২ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে হাজি মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান ৮২৮ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্ধী প্রার্থী ব্যবসায় প্রশাসন ইনিস্টিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন পেয়েছেন  ৪৬১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. খাদেমুল হক পেয়েছেন ৮৪৫ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল পেয়েছেন ৩৬৬ ভোট।  সদস্য পদে নীলদলের বিজয়ী ১০ জন হলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া  রহমান, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, প্রাণিবিদ্যা বিভাগেী অধ্যপক ড. শারমীন মুসা, চন্দ্রনাথ পোদ্দার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ এম  আমজাদ,  ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো মাকসুদ রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. কামরুল এহছান, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, আলী আক্কাস এবং শরীফ আখতারুজ্জামান।
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের একচেটিয়া জয়
আরও পড়ুন
নোবিপ্রবিতে ছাত্রলীগের হাতে সাংবাদিক হেনস্তা
আর্জেন্টিনার জয়ে নোবিপ্রবিতে বাঁধভাঙা উচ্ছ্বাস
গুচ্ছভুক্ত নোবিপ্রবিতে ৮৯৭ আসন ফাঁকা
বৈদ্যুতিক পাখা ছিঁড়ে পড়ে নোবিপ্রবির ২ শিক্ষার্থী আহত