
বরগুনায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে ফারুক আহমেদ শামিম (৩২) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ইউপি সদস্য ফারুক আহমেদ শামিমের ছোট ভাই রফিকুল ইসলাম আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। শামিম বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আগুন থেকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে শামিমের দুই হাত, পিঠ, ঘাড় এবং মাথার চুলসহ শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়। একইসঙ্গে এসময় পাশে থাকা তার স্ত্রী সূচী আক্তারও দগ্ধ হন।
শামিমের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, রাতে সবাই ঘুমিয়ে ছিল। আমার বড়বোন ঘরের দরজায় আগুন দেখে চিৎকার করে। এ সময় একটি লোক দৌড়ে পালিয়ে যায়। পরে লোকজন জড়ো হয়ে ঘরের ভেতরে ঘুমন্ত শামিম ও তার স্ত্রী-সন্তানদের উদ্ধার করে।
তিনি আরও জানান, বুধবার ভোরে শামিম ও তার স্ত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শামিমকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হলে বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দরজার নিচ থেকে ঘরের ভেতরে পেট্রোল ছড়িয়ে দিয়ে আগুন দেওয়া হয়। শুকনো কাপড় থেকে আগুন ঘরের মধ্য ছড়িয়ে যায়। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




