
গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫০ দিন চিকিৎসাধীন থাকার পর এক বৃদ্ধ (৬০) মারা গেছেন। এখনও পর্যন্ত তার কোনো নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, গত ১১ নভেম্বর রাজধানীর হাতিরঝিল এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে তাকে ঢামেকে ভর্তি করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ‘ওইদিন (১১ নভেম্বর) দ্রুত ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। শনিবার জানতে পারি, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আমরা এখনও তার নাম-পরিচয় জানতে পারিনি। তার কোনো আত্মীয়-স্বজনও হাসপাতালে আসেননি। আমরা ক্রাইম সিনকে খবর দিয়েছি। তারা বৃদ্ধের ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করবেন।
এসআই মো. জাহাঙ্গীর আলম আরও বলেন, যদিও তিনি গাড়ির ধাক্কায় আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। তবুও আইনি প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।




