
শরীয়তপুরের নড়িয়ায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে মো. কামরুল আলম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা এবং দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার মেহেদি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ বলেন, কথিত মেডিসিন বিশেষজ্ঞ মো. কামরুল আলম নিজে এমবিবিএস পাস না হয়েও নামের আগে চিকিৎসক ব্যবহার করছেন। একই সঙ্গে চিকিৎসক পরিচয়ে রোগী দেখছেন। সত্যতা পাওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা এবং দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তার চিকিৎসা নিয়ে অনেক রোগী আরও বেশি অসুস্থ হয়েছে। আবার অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়েছে।




