
কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট উৎপাদন, অতিরিক্ত কৃষিজমি ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জে পাঁচ ইটভাটাকে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ নভেম্বর) দিনভর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান, উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের নেতৃত্বে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান চালায়।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ জানান, কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে রায়গঞ্জ উপজেলার সান ব্রিকস ও এসএনবি ব্রিকসকে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাকিবুল হাসান জানান, সদর উপজেলার শাহানগাছা ডাকাতিয়া বাড়ি এলাকার সোনালি ব্রিকসে লাইসেন্সে উল্লেখিত জমির চেয়েও বেশি জমি নিয়ে ইটভাটা চালানো হচ্ছিল। ফসলি জমি নষ্ট করে ইটভাটা পরিচালনা করায় ভাটা মালিক সানজিদ হাসান সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন না মেনে ইট উৎপাদন করার দায়ে যমুনা ব্রিকস ও সুফিয়া ব্রিকসকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।




