
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করে পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়ে ক্যাম্পাসের ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগের ছয়টি গ্রুপের নেতাকর্মীরা। এর আগে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরেও তালা মেরে দেন তারা।
গ্রুপগুলো হলো আরএস, বাংলার মুখ, ভিএক্স, কনকর্ড, উল্কা ও এপিটাফ।
পরিবহন দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. নূরুল আবছার জানান, পরিবহন দপ্তর থেকে কোনো শিক্ষক-বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
আরএস গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি রকিবুল হাসান দিনার বলেন, পদবঞ্চিতরা অনির্দিষ্টকালের জন্য অবরোধ করছেন। তিনটি দাবিতে এই আন্দোলন। চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতার কারণে আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। এতদিন তিনি আশ্বাস দিয়েছেন কমিটি বর্ধিত করবেন, কিন্তু এখন প্রহসনমূলক হল-ফ্যাকাল্টি কমিটি গঠনের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ছলচাতুরি ও প্রতারণা করছেন। সবকিছু মিলিয়েই আন্দোলনের ডাক দিয়েছেন পদবঞ্চিতরা।
এ বিষয়ে ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, আজ সোমবার সকালে অবরোধকারীরা ট্রেন চলাচলে বাঁধা দেয়। এ কারণে ট্রেন চলাচল বন্ধ আছে। সকাল সাড়ে ৭টার ট্রেন নগরীর ষোলশহর এবং ৮টার ট্রেন ঝাউতলায় অবস্থান করছে। চালকরা রেলওয়ের নির্দেশনার অপেক্ষায় আছে।




