
রাজধানীর কামরাঙ্গীরচরে তালাবদ্ধ ঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। পঞ্চাশোর্ধ্ব বয়সী ফজলের পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর ভান্ডারি মোড়ের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ফজল মিয়ার দুই হাত নাই। রাজধানীতে ভিক্ষা করতেন তিনি। এরই মধ্যে তিনি দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর ঘরে একটা ছেলেসন্তান রয়েছে। তিনি গ্রামে থাকেন। অপর স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকেন। ফজলের দ্বিতীয় স্ত্রীর সন্ধান পায়নি পুলিশ।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় বলেন, পঁচা গন্ধ পেয়ে লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে পুরুষাঙ্গ কাটা অবস্থায় লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
ভাড়াটিয়ারা জানান, গত সপ্তাহে ফজল মিয়া এ বাড়িতে আসেন। দুই হাত না থাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলেও শোনা গেছে।
ফজল মিয়ার ভাই সাজু মিয়া জানান, ফজলের দ্বিতীয় স্ত্রীর আরেকটি বিয়ে হয়েছিল। সেই স্বামীর দুটি সন্তান নিয়ে আবার বিয়ে করেন ফজলকে। বর্তমানে পুলিশ খুঁজছে তাকে।
নিহত ফজলের বাড়ি রংপুর জেলার কাউনিয়া থানায়।




