
খুলনার আলোচিত মরিয়ম মান্নানের মা রহিমা বেগম অপহরণ মামলায় গ্রেপ্তার ছয় জনের মধ্যে চার জনকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন। এরআগে দুপুরে তারা খুলনা মহানগর দায়রা জজ মাহমুদা খানমের আদালত থেকে জামিন পান।
খুলনা জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আলোচিত চার জনের জামিন আদেশ কারাগারে আসার পরই সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। এরা হলেন কুয়েট সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, তার ভাই মো. মহিউদ্দিন, প্রতিবেশী রফিকুল আলম পলাশ ও মো. জুয়েল।
জানা গেছে, গত ২৭ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে খুলনা মহানগরীর মহেশ্বরপাশার উত্তর বণিকপাড়ার নিজ বাসা থেকে টিউবওয়েলে পানি আনতে নিয়ে নিখোঁজ হন রহিমা। পরে আর ঘরে ফেরেননি তিনি। অন্যদিকে স্বামী ও ভাড়াটিয়ারা নলকূপের পাশে ঝোপঝাড়ে তার ব্যবহৃত ওড়না, স্যান্ডেল ও বালতি দেখতে পান। এ সময় একই দিন রাতে মাকে খুঁজতে আত্মীয়-স্বজন, আশপাশসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন সন্তানরা।




