
মাঠে ঢুকা সাকিব আল হাসানের ভক্ত আরাফাত জামিনে মুক্ত হয়েছেন। শুক্রবার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে গ্যালারি থেকে লোহার গ্রিল টপকে মাঠে ঢুকে যায় আরাফাত। এসময় মাঠে খেলতে থাকা অধিনায়ক সাকিব আল হাসানকে পয়ে ধরে সালাম করেন তিনি। পরে তাকে পুলিশ আটক করে।
শনিবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এসময় ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনির হোসেন খান।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম পুলিশের আবেদন গ্রহণ না করে আরাফাতের জামিন আদেশ দেন। তবে এই জামিনের জন্য পাঁচ হাজার টাকা মুচলেকা দিতে হয়।
আসামিপক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম শুনানিতে বলেন, ওই তরুণ সাকিব আল হাসানের একনিষ্ঠ ভক্ত। সে গ্রাম থেকে এসেছে। তাই নিরাপত্তার বিষয়টি বুঝতে পারেননি। পরবর্তী ফলাফল চিন্তা না করেই আবেগবশত গ্রিল টপকে মাঠে গিয়ে সাকিবের পা জড়িয়ে ধরেন। এখানে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।
তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা হয়নি।
সেদিন মিরপুরে শেরে-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করছিল ভারতীয় দল। ম্যাচের ৬৮তম ওভারের আগমুহূর্তে বল হাতে প্রস্তুতি নিচ্ছিলেন মিরাজ আর ক্রিজে ছিলেন রিশাভ পান্ত।
পয়েন্টে ফিল্ডিং করছিলেন সাকিব আল হাসান। মিরপুরের পূর্ব গ্যালারির নিরাপত্তা প্রাচীর পেরিয়ে মাঠে ঢুকে পড়েন আরাফাত। দৌড়ে সাকিবের কাছে চলে আসেন ওই তরুণ। কিন্তু টাইগার অধিনায়ক কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তা কর্মীরা ওই তরুণকে মাঠের বাহিরে নিয়ে যায়।
উল্লেখ্য, বাংলাদেশের মাঠে খেলা চলাকালীন দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষেও মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক। ওই সময় সাকিবকে ফুলেল শুভেচ্ছা জানান ওই দর্শক। এ ছাড়া মিরপুরে বিপিএলে মাশরাফি বিন মোর্তুজাকে মাঠে ঢুকে জড়িয়ে ধরেছিলেন এক দর্শক।




