
পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির ৪২৬ নেতাকর্মী জামিন চেয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে।
বিএনপির আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বিভিন্ন কারণে পরপর তিনবার তাদের জামিন নামঞ্জুর করেন। এরপর বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন জমা দেন বিএনপি নেতাকর্মীরা।
আবেদনের শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান।
এর আগে, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে ককটেল, লাঠিসোঁটা, ক্যাশ টাকা, চালের বস্তা পাওয়ার কথা জানায় পুলিশ।
এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অরও দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।




