
খাগড়াছড়ির গুইমারায় যাত্রীবাহী বাস চাপায় নিবারণ চাকমা (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় মোটরসাইকেল চালক পনেল চাকমা (৩১) আহত হয়েছেন।
সোমবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার বর্ডার গার্ড হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রশিদ দূর্ঘটনার ঘটনা নিশ্চিত করেছেন।
নিহত নিবারণ চাকমা উপজেলার কালাপানি গ্রামের কালাচান চাকমার ছেলে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী (চট্রমেট্রো জ-১১-০২২১) তাসপিয়া নামক যাত্রীবাহী বাসটি বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ২ জন আহত হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। নিবারন চাকমার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। চট্টগ্রাম যাওয়ার সময় পথে মারা যায় নিবারন। আহত মোটরসাইকেল চালক পনেল চাকমা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানাগেছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




