
মুজিবনগর বল্লভপুর তিন রাস্তার মোড় হতে আনন্দবাস সড়কে মোটরসাইকেল ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে মোটরসাইকেলচালক প্রসান মণ্ডলের (৩০) ডান হাতের কবজি বিছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— আনন্দবাস গ্রামের প্রসান মণ্ডল (৩০), পিউ (১৮) ও সুমন (২০)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বল্লভপুর মাঠে মেলা দেখার জন্য মোটরসাইকেল আরোহীরা আনন্দবাস গ্রাম থেকে রওনা দেয়। বল্লভপুর কবরস্থান থেকে ২০০ মিটার দক্ষিণে গ্রামে প্রবেশের সময় মোটরসাইকেল ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পর মোটরসাইকেল ছিটকে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশে থাকা সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক, আরোহী ও বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়। মোটরসাইকেলচালক প্রসান মণ্ডলের ডান হাত কবজি থেকে বিছিন্ন হয়ে পড়ে। প্রাথমিক অবস্থায় সবাইকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় প্রসান মণ্ডলকে কাটা হাতসহ রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয় এবং সুমনকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়।
মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, দুজনের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, দুর্ঘটনা কবলিত ট্রলির চালক পালিয়ে গেছে। ট্রলি ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।




