
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার কোলে থাকা শিশুপুত্র সোহেল রানা (২)।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আ. ছাত্তার মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় উপজেলার আমগ্রাম রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আছিরন বেগম (৩৫) বোয়ালমারী পৌরসভার শিবপুর মহল্লার টুটুল শেখের স্ত্রী।
জানা গেছে, বুধবার সকালে আছিরন বেগম তার সন্তান রানাকে কোলে নিয়ে বাড়ির পাশে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিতে কাটা পড়েন তিনি। তার কোল থেকে রানা ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা রানাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে স্টেশন ম্যানেজার আ. ছাত্তার মোল্লা বলেন, বুধবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তবে মায়ের মরদেহের পাশেই পড়ে ছিল আহত সন্তান। শিশুটিকে উদ্ধারের পর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




