
নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে মাথায় গাছের ডালের আঘাতে ইদ্রিস আলী (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধায় ৬ টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নে পুর্বহরিণ চড়া বটতলা মসজিদ পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত ইদ্রিস আলী ওই এলাকার মৃত- ছপির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় মূল অভিযুক্ত হাসিকুল ইসলাম(৪৮) নামের একজনকে আটক করে পুলিশ হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আটক হাসিকুল একই এলাকার মোঃ আমির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মূল অভিযুক্ত হাসিকুলের সাথে ইদ্রিস আলীর চাচাতো ভাইয়ের বিরোধের কারণে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার ওই জমির গাছ কেটে নিয়ে যাচ্ছিল ইদ্রিস আলীর চাচাতো ভাই। এসময় হাসিকুল ইসলাম বাধা দিলে ঝগড়ার সৃষ্টি হয়। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি নজরে নিয়ে বিচার করে দুই পক্ষকে পাঠিয়ে দেয়।
পরে সন্ধ্যার আগে ওই ঘটনাকে কেন্দ্র করে হাসিকুলের সাথে বাকবিতণ্ডা বাধে ইদ্রিস আলীর। এক পর্যায়ে গাছের ডাল দিয়ে ইদ্রিস আলীর মাথার পিছনে আঘাত করে হাসিকুল। এতে মাথা ফেটে যায় ইদ্রিস আলীর।
পরে স্থানীয় ও পরিবারের লোকজনি ইদ্রিসকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে অসুস্থ অবস্থায় অভিযুক্ত হাসিকুল ইসলামকে আটক করে। অসুস্থ থাকায় তাকে পুলিশ হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, দীর্ঘদিন নিহতের চাচাতো ভাইয়ের সাথে হাসিকুলদের কলহ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীনও আছে। মূল ঘটনার আগে ইদ্রিসের চাচাতো ভাইয়ের সঙ্গে হাসিকুলের ঝগড়ার সময় আমি তা বন্ধ করে দেই। পরে সন্ধায় তারা আবার মামামারিতে লিপ্ত হয়। এসময় ইদ্রিস আলী মারা গেছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মারামারির ঘটনায় একজন মারা গেছেন। এঘটনায় একজনকে আটক করে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




