
চিপস কিনতে বাসার পাশের দোকানে গিয়ে আর ফিরে আসেনি সাত বছর বয়সী মারজান হক বর্ষা। তিন দিন পর বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জামালখান সিকদার হোটেলের পাশের গলির নালা থেকে তার বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে।
পুলিশ ধারণা করছে, তাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ বস্তায় ভরে নালায় ফেলা হয়েছে। সুজন নামে এক নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
চাঁদপুরের শাহরাস্তি থানার টামটা গ্রামের আব্দুল হকের মেয়ে বর্ষা। সে নগরীর কুসুমকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার বাবা আব্দুল হক মারা গেছেন। মা ঝর্ণা বেগম ও সৎবাবা মোহাম্মদ ইউসুপের সঙ্গে সিকদার হোটেলের পাশের গলির বাসায় সে থাকত। তার আরও দুই বোন আছে।




