
শেরপুর সদরের গাজিরখামার এলাকায় ভটভটি উল্টে এক গরুর পাইকার নিহত হয়েছেন।
বুধবার (১৬ নভেম্বর) শেরপুর সদর থানার ওসি বছির আহম্মেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ৮টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার (৬৫) বগুড়া জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জব্বার মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার গরুর হাট-বাজারে গরু কিনতে গিয়েছিলেন। পরে বাজার থেকে গরু কিনে ভটভটি চালিয়ে শেরপুর সদরের পাকুরিয়ার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় ওই এলাকায় আসলে রাস্তার মাঝখানে একটি কুকুর দেখেন জব্বার। তখন এটিকে পাশ কাটাতে গিয়ে ভটভটির নিয়ন্ত্রণ হারান তিনি। এতে ভটভটিটি উল্টে গেলে গুরুতর আহত হন জব্বার। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানার ওসি বছির আহম্মেদ বাদল জানান, মঙ্গলবার রাতে হাসপাতালে নেওয়ার আগেই জব্বার মারা গেছেন। চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।




