
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্য কুকুরের আক্রমণে ১৭৫টি ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলোর বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের আবুল্ল্যার চরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামার মালিক নজরুল ইসলাম শাহীন বলেন, খামারে মোট ২৭৫টি ভেড়া ছিল। শুক্রবার রাতে খামারের রাখাল সেলিম পাশের বাজারে যায়। এ সুযোগে ৬টি বন্য কুকুর ভেড়ার খামারে হানা দেয়। ওই সময় কুকুরের কামড়ে মোট ১৭৫টি ভেড়া মারা যায়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান বলেন, আমি বিষয়টা জেনেছি। কুকুর যখন খামারের ভেতরে ঢুকে আক্রমণ করেছে তখন ভয় পেয়ে দাপাদাপির কারণে ভেড়াগুলো মারা গেছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী খামারের মালিক এ বিষয়ে আমাকে অবহিত করেননি। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।




