
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২১ নভেম্বর) দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার কার্পাসডাঙ্গার ভুমিহীন পাড়ার আব্দুল আলিমের ছেলে আনিজুল ইসলাম (১৮)। আহতরা হলেন, কার্পাসডাঙ্গা ভুমিহীন পাড়ার শহিদুল ইসলামের ছেলে রাহুল হোসেন (১৮), চন্ডিপুর গ্রামের তারিকুল ইসলামের ছেলে রাতুল আলী (১৯), অপর মোটরসাইকেলে থাকা সদাবরি গ্রামের মিজানুর রহমানের ছেলে হৃদয় হোসেন (১৮) ও ধান্যঘড়া গ্রামের আবুল কাশেমের ছেলে রাজু আহম্মেদ (১৮)।
আহত রাহুল হোসেন জানান, রোববার রাতে মোটরসাইকেল-যোগে আমি, আনিজুল ও রাতুল দর্শনা বাজার থেকে কার্পাসডাঙ্গায় যাচ্ছিলাম। পথিমধ্যে চন্ডিপুর বাজারে পৌঁছালে একটি বাঁশ বোঝাই আলমসাধুর পেছন থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে আমাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে আনিজুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল কাদের বলেন, হাসপাতালে আনার আগেই মারা যায় আনিজুল। আহত রাতুল, হৃদয় ও রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে আহত রাহুলকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




