
ভারতীয় ক্রিকেটদলের উইকেটরক্ষক ঋষভ পান্ত। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ভারতীয় এই ক্রিকেটারকে দেখতে দেহরাদুন গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। সেখান থেকে ফিরে ঋষভের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান তারা।
ঋষভের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান অনুপম-অনিল। গণমাধ্যমে তারা বলেন, আমরা ঋষভের সঙ্গে দেখা করেছি। ভীষণ হাসিয়েছি ওকে, বর্তমানে আগের চেয়ে ভালো আছে ও। ওর পরিবারের সঙ্গেও দেখা করেছি আমরা। দ্রুত সুস্থ হয়ে উঠতে ওর জন্য প্রার্থনা করুন।
অনুপম বলেন, আমি এবং অনিল সেখানে গিয়ে হাসাপাতালের বাইরে দাঁড়িয়েছিলাম। মুখে মাস্ক ছিল আমাদের। তাই অনেকেই চিনতে পারেননি। পরে এক চিকিৎসক মাস্ক থাকা সত্ত্বেও আমাদের চিনে ফেলেন। তখন তিনিই আমাদেরকে ভেতরে নিয়ে যান।
তবে দুর্ঘটনায় পান্তের শরীরের কোনো অংশই পুড়ে যায়নি এবং কোনো হাড়ও ভাঙেনি তার। এখন তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরাও। সেই সঙ্গে পান্তের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজন হলে দিল্লিতে নিয়ে চিকিৎসা করানো হতে পারে ঋষভের।
প্রসঙ্গত, ভারতের উত্তরাখণ্ড থেকে দিল্লি আসার পথে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। তার মার্সিডিজ বেঞ্জ গাড়িটি নিজেই চালাচ্ছিলেন তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। কোনো রকম প্রাণে রক্ষা পান ভারতীয় এই ক্রিকেটার।




