
রাজশাহীতে ফেসবুক বান্ধবীকে গ্রিন গার্ডেন রেস্টহাউস নামে বাগান বাড়িতে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় শাসমুল আলম বাদশা এবং আবুল খায়ের নাহিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকাল ১১টা দিকে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জাহিদ হোসেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের এ রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, আসামি বাদশা ও নাহিদ বর্তমানে কারাগারে রয়েছেন। আজকালের মধ্যেই তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গেলো ৩১ জুলাই চাঁপাইনবাবগঞ্জের ওই তরুণীকে রাজশাহী মহানগরীর নওদাপাড়ার গ্রিণ গার্ডেন রেস্টহাউসে ডেকে এনে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই রাতেই তরুণী শাহ মখদুম থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে পর দিন ভোরে দু’জনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলো -ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) রাজশাহী শাখার সাবেক শিক্ষক সামশুল আলম বাদশা (৩৫) এবং রাজশাহীর গোরহাঙ্গা এলাকার ইজিটাস কম্পিউটার দোকানের মালিক আবু ফায়েজ নাহিদ (৩০)।
এদের মধ্যে বাদশার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল গ্রামে। আর নাহিদের বাড়ি একই উপজেলার হাসনিপুর গ্রামে।
মামলার এজাহারে বলা হয়েছে, বাদশার সঙ্গে ওই তরুণীর ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ফোনেও কথা হয়। পরবর্তীতে বাদশার বন্ধু নাহিদের সঙ্গেও ওই তরুণীর ফেসবুকে বন্ধুত্ব হয়। ৩১ জুলাই চিকিৎসা করানোর জন্য ওই তরুণী চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসেন। পরে ওই তরুণীকে দুপুরে খাওয়ার কথা বলে বাগান বাড়িতে নিয়ে যায় তারা। এরপর সেখানে একটি কক্ষে রেখে প্রথমে বাদশা ও পরে নাহিদ ওই তরুণীকে ধর্ষণ করেন।
এসএস




