
রাঙামাটিতে ‘জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন’ স্লোগানে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫ বছর উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে কুমার সুমিত রায় জিমনেশিয়াম মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ঊষাতন তালুকদার।
এতে আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মোমিরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেমন চাকমা, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম।
গণসমাবেশ বক্তরা বলেন, পাহাড়ে ভূমি, আইনশৃঙ্খলা, প্রশাসন এবং অভ্যন্তরীণ ও প্রত্যাগত উদ্বাস্তু পুনর্বাসন হয়নি। সরকারের মধ্যে একটি অংশ চুক্তি বিরোধিতাকারীদের স্বার্থ সংরক্ষণ করছে। চুক্তি বাস্তবায়নে যত দেরি হবে, দলবাজি ও চাঁদাবাজি তত বাড়বে। নতুন নতুন দলও গজিয়ে উঠবে
ভূমি কমিশনের প্রবিধান না হওয়ার ভূমি কমিশন কোনো কাজ করতে পারছে না। চুক্তি বাস্তবায়নের জন্য আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন সংগ্রাম ছাড়া চুক্তি বাস্তবায়ন সম্ভব না। চুক্তি বাস্তবায়নে তাই জুম্ম জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয় গণসমাবেশ থেকে।
এদিকে, চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে সকালে রাঙামাটি রিজিয়ন ও সেনা জোনের উদ্যোগে শান্তি র্যালি ও মানবিক সহায়তা প্রদান করা হয়। কলেজ মাঠ হতে একটি র্যালি বের করা হয়। সেনা রিজিয়নের মাঠে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে সেনা রিজিয়ন প্রান্তিক মাঠে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন, সেলাই মেশিন, সিলিং ফ্যান ও দুস্থ ব্যক্তিদেরকে এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সদর জোন কমান্ডার লে. কমান্ডার আশিকুর রহমান প্রমুখ।




