
রাঙামাটির নানিয়াচর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক নিহত হয়েছেন।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়া বড়পুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ইউপিডিএফ (ইউপিডিএফ গণতান্ত্রিক) দলকে দায়ী করেছে। তবে ঘটনায় নানিয়াচর থানা পুলিশ এখনও স্বীকার করেনি।
নিহত ব্যক্তি নানিয়াচর উপজেলার এগারেল ছড়ার মৃত বিরাজ মোহন চাকমার ছেলে সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা (৫৫)।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অন্যতম সংগঠক অংগ্য মারমা জানান, বুধবার সকালে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক) ‘মুখোশ বাহিনী’ তার ওপর হামলা চালায়। এ সময় তিনি সেখানে মারা গিয়েছেন বলে শুনেছি।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) নানিয়ারচর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জ্ঞান চাকমা জানান, বিষয়টি আমিও শুনেছি। তবে কেন তারা আমাদের দায়ী করছেন বুঝতে পারছি না। বিষয়টি তাদের মধ্যে অন্তকোন্দলও হতে পারে।
নানিয়াচর থানার ওসি সুজন হাওলাদার জানান, বুধবার সকালে বিষয়টি শুনেছি। ঘটনাটি উপজেলা থেকে দুর্গম এলাকায়। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জনানো যাবে।




