
কক্সবাজারের উখিয়া উপজেলায় নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো দুই রোহিঙ্গা শিশুর মরদেহ।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প সংলগ্ন এলাকার পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৮ ব্লকের বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে মো. রাইয়ান (৮) ও একই ক্যাম্পের ইসমাইলের ছেলে আবছার মিয়া (৯)।
বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন বাসিন্দা জানান, শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় দুই শিশু। পরে শনিবার দুপুরে ক্যাম্পের কয়েকজন বাসিন্দা বাজারে যাওয়ার সময় ক্যাম্পের পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। এ সময় সংবাদ পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। শনিবার তাদের মরদেহ পাওয়া যায় পুকুরে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




