
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশের ৮৬টি প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ভোক্তাদের স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধের দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) ভোক্তা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৯ কর্মকর্তার নেতৃত্বে ৩৫ জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চল, বেগুনবাড়ি, পল্টন স্টেডিয়াম মার্কেট, বনানীসহ দেশব্যাপী মোট ৪৪টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানসহ ৮৬টি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের সময় জনসচেতনতা বৃদ্ধির জন্য ভোক্তা ও ব্যবসায়ীদের নিকট লিফলেট বিতরণসহ সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কৃষি, মৎস্য ও স্বাস্থ্য বিভাগ, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অভিযানে সহযোগিতা করেছেন।




