
পূর্ব শত্রুতার জেরে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগরে তিনজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় হাউজিংয়ে দুই গ্রুপের সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটেছে। পরে রাত ৯টা দিকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত তিনজন হলেন, তুষার (২২), ইউনুস (২৪) ও পথচারী মেহেদী হাসান (২৭)।
আহতদের উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসার সজীব বলেন, পূর্ব শত্রতার জেরেই বিল্লাল গ্রুপের সদস্যরা তুষার ও ইউনুসকে কুপিয়ে জখম করে। তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। বর্তমানে তারা দু’জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
এদিকে, মেহেদী হাসানকে উদ্ধার করে নিয়ে আসা তারই সহকর্মী সিয়াম বলেন, মেহেদী বার্জার কোম্পানিতে চাকরি করেন। সন্ধ্যার পর নবীনগর হাউজিং দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যান। এসময় তিনি হর্ন দিলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা উত্তেজিত হয়ে তার মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ দেয়। আমরা খবর পেয়ে মেহেদীতে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। সে মেডিকেলে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা ইতিমধ্যে ঘটনাস্থল মোহাম্মদপুর ও ঢাকা মেডিকেলে পৃথক দল পাঠিয়েছি। এখন পর্যন্ত সংঘর্ষ ও পুরো বিষয়টি ভালভাবে জানতে পারিনি। যতটুকু জেনেছি, ঢাকা উদ্যান বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।




