
চলে গেলেন মহান স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় আকাশযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম, বীরউত্তম। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান গভীর শোক প্রকাশ করেছেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবালও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আইএসপিআর জানায়, আজকের বিমান বাহিনীর সূতিকাগার হিসেবে বিবেচিত ঐতিহাসিক ‘কিলো ফ্লাইটের’ সক্রিয় সদস্য হিসেবে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। অসীম সাহস, দৃঢ় সংকল্প এবং অসামান্য পেশাদারিত্ব দেখিয়ে তিনি পাকিস্তানি দখলদার বাহিনীর উপর অসংখ্য বিমান আক্রমণের নেতৃত্ব দেন ও বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলমকে ‘স্বাধীনতা পুরস্কার ২০১৭’ প্রদান করা হয়। মরহুমের প্রথম জানাজার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১১টায় ঢাকার তেজগাঁ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ জুমআ’ গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
পরে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী বেসামরিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।




