
লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ওমর আলী (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্ৰামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্ৰামের আবু বক্করের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, তিস্তা চর এলাকার জমি নিয়ে দীর্ঘদিন থেকে আবু সাঈদ ও আব্দুল বারি বিরোধের জেরে উভয়ের মাঝে হাতাহাতি হয়। এ সময় আবু বক্করের ছেলে ওমর ফারুক এগিয়ে গেলে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একজনকে আটক করেছেন পুলিশ।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাদ হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।




