
কক্সবাজারের টেকনাফে ইয়াবা কারবারি মো. সাকের মিয়াকে গ্রেপ্তারের সময় হামলার শিকার হয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১২ ডিসেম্বর) ভোর রাতে সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাকের পরোয়ানাভুক্ত মামলার আসামি ছিল।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, থানার মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কবির আহমদের ছেলে মো. সাকের মিয়াকে গ্রেপ্তার করতে যায় পুলিশের একটি দল। এ সময় আসামি ও তার দুই ভাই মনু মিয়া (৪০), রফিকুল ইসলাম (২৯) পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আসামি সাকেরের ঘুষিতে ঠোঁট ফেটে আহত হন এএসআই সাখাওয়াত। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও আসামি সাকেরের বিরুদ্ধে মাদক, মানবপাচার, অস্ত্রসহ মোট ৪টি মামলা রয়েছে। তিনি আত্মস্বীকৃত ইয়াবা কারবারি ও আত্মসমর্পণকারী।




