
বিএনপি এই দেশের ভালো চায় না। তারা অত্যন্ত খারাপ। তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। বিএনপিকে যে চেনে না, সে কবরস্থানও চেনে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে একই দিন বেলা ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের প্রতিহত করতে হবে। যে হাত দিয়ে তারা আক্রমণ করবে, সে হাত ভেঙে দেবেন। শেখ হাসিনার হাতে রাষ্ট্রক্ষমতা না থাকলে, দেশ ধ্বংস হয়ে যেত।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা। এরপর থেকে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযোদ্ধারা একে একে মারা যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ আছে, থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পরে কাউন্সিল অধিবেশন ছাড়াই অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরে ২০১৬ সালের ১৩ অক্টোবর ৭১ সদস্যবিশিষ্ট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ২০২০ সালের ২৫ নভেম্বর বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সভাপতি সিরাজুল মোস্তফাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।




