
সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর এলাকায় ট্রাকচাপায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে দক্ষিণ দেবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার নলকুড়া গ্রামের আবুল কালামের ছেলে ফয়সাল আহমেদ (২৮) ও মথুরাপুর গ্রামের মুজিবর সরদারের ছেলে সজীব হোসেন (১৪)। সজীব হোসেন স্থানীয় লাবসা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
উত্তর দেবনগর গ্রামের ইটভাটা শ্রমিক আকবর আলী জানান, মঙ্গলবার দুপুরে তার মামাতো ভাই ফয়সাল বিনেরপোতায় শওকতের ইটভাটায় কাজ শেষে অপর দুই সহকর্মীকে নিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের ভ্যানের পেছনে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল স্কুলছাত্র সজীব হোসেন। তারা দেবনগর মোড় পার হওয়ার সময় বিনেরপোতাগামী একটি খালি ট্রাক ভ্যান ও সাইকেল আরোহী সজীবকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফয়সাল আহমেদ। আহত হন হজরত আলী, আব্দুস সবুর ও স্কুলছাত্র সবুজ হোসেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেব কুমার জানান, স্থানীয়রা আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বিকেল ৪টার দিকে সজীবের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




