
মানিকগঞ্জে ট্রাকের চাপায় রওশন জাহান সেন্টু (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রওশন জাহান সেন্টু কুষ্টিয়ার কুমারখালী থানার পাহারপুর চাপড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
জানা গেছে, ব্যবসার কাজে ঢাকায় যাচ্ছিলেন সেন্টু। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে মানরা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই সেন্টুর মৃত্যু হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




