
সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের বাবা রজব আলীর ভ্যানটি চুরি হয়ে গেছে।প্রায় মাস খানেক আগে মাসুরা তার বাবাকে ভ্যানটি কিনে দেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় মাসুরার বাড়ি থেকে ভ্যানটি চুরি হয়ে যায়।
মাসুরার বাবা রজব আলী বলেন, শুক্রবার রাতে ভ্যানটি বাড়ির উঠানে তালা মেরে রেখেছিলাম। রাতের কোনও একসময় তালা ভেঙে ভ্যানটি নিয়ে যায় চোরেরা। ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছি। কারণ এটি আমার অবলম্বন ছিল।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, ভ্যান চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন মাসুরার বাবা রজব আলী। ভ্যানটি উদ্ধারের চেষ্টা করছি আমরা।




