
ফ্রান্স-আর্জেন্টিনার শ্বাসরুদ্ধ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়ামে। নাটকীয় এই ম্যাচে আর্জেন্টিনার গোল উদযাপন করতে গিয়ে রাকিব হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে যশোরের ঝিকরগাছার বঙ্গবন্ধু পৌর পার্কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ডিউটি অফিসার মহিদুল ইসলাম।
তিনি বলেন, রোববার রাতে বঙ্গবন্ধু পৌর পার্কে বড় পর্দায় ফ্রান্স ও আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখার আয়োজন করা হয়। রাত সাড়ে ১০টা দিকে মেসির গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই গোল উদযাপন করতে গিয়ে অসাবধানতাবশত পাশের খালে পড়ে পানিতে তলিয়ে যায় রাকিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসব তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে।




