
ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিশিথা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের ধামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশিথা আক্তার জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নয়ন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিশিথা আক্তার মামী সাদিয়া আক্তারের সঙ্গে তার বাবার বাড়ি উপজেলার মহিরখারুয়া গ্রামে বেড়াতে যান। সেখান থেকে নানার বাড়ি শিলাসী গ্রামে আসার পথে এশিয়ান হাইওয়ে সড়কের ধামাইল এলাকায় আসতেই রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে নিচে পড়ে নিশিথা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।




